মস্কোর মেয়র নির্বাচনে জয়ের আশা নাভালনির
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২৩:০৬
রাশিয়ার পুতিনবিরোধী নেতা অ্যালেক্সই নাভানলি বলেছেন, তিনি মস্কোর মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়লাভ করবেন। গতকাল শনিবার সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। নাভানলিকে ৫ বছর কারাদণ্ড দেয়ার পর অপ্রত্যাশিতভাবে একদিন পরই মুক্তি দেয় আদালত। খবর বিবিসির।
আগামী ৮ সেপ্টেম্বর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল নাভানলি কিরোভ থেকে মস্কো আসেন। শুক্রবার তিনি কারাগার থেকে মুক্তি পান। বৃহস্পতিবার অর্থ আত্মসাতের অভিযোগে তাকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলো এর ব্যাপক সমালোচনা করে। স্ত্রীকে সঙ্গে নিয়ে ইয়ারোস্লাভস্কাই স্টেশনে নাভানলি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা মেয়র নির্বাচনে লড়াই করতে যাচ্ছি এবং জয়ীও হবো। আমাদের শক্তি আছে এবং আর কাউকে আমার মতো কারাগারে দেখতে চাই না।