আশুলিয়ায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

আশুলিয়ায় শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মুখে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে অপর একটি কারখানার ছাঁটাইকৃত বেশ কয়েকজন শ্রমিক কাজে যোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। গতকাল শনিবার সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকার হ্যানারু ফ্যাশন লিঃ এর শ্রমিকরা কাজে এলে কারখানার মূল ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেখতে পেয়ে বাড়ি ফিরে যায়। এর আগে কারখানা ভাংচুরসহ বিশৃঙ্খলার অভিযোগে প্রতিষ্ঠানটির ৬০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। শিল্প পুলিশ জানায়, বকেয়া লাঞ্চ বিলের দাবিতে ১৭ জুলাই আশুলিয়ার বুড়িবাজার এলাকার হ্যানারু ফ্যাশন লিঃ এর শ্রমিকরা বিক্ষোভসহ কারখানায় ব্যাপক ভাংচুর চালায়। এসময় কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধর করে। এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি অবনতির আশংকায় বৃহস্পতিবার রাতেই কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের পূর্ব নরসিংহপুরের মেডলার এ্যাপারেলসের ছাঁটাইকৃত শ্রমিকরা কাজে যোগ দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্তিতি স্বাভাবিক হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।