ঈদের পর ফাঁসির রায় কার্যকর হবে :ইনু

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় ঈদের পর কার্যকর হতে পারে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, আপিল শুনানি শেষে যদি মানবতাবিরোধীদের মৃত্যুদণ্ড বহাল থাকে, তবে আসন্ন ঈদুল ফিতরের পর রায় কার্যকর করা হবে। হাসানুল হক ইনু বলেন, জিয়াউর রহমান এদেশে পাকিস্তানি দালাল রাজাকারদের প্রশ্রয় দিয়েছিলেন। আর খালেদা জিয়া রাজাকারদের লালন পালন করেছেন। ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত হয়েছে জামায়াত ইসলামী সাংগঠনিকভাবেই পাকিস্তানের দালাল। মানবতাবিরোধী অপরাধের রায় এটাই প্রমাণ করে যে, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। তিনি সরকারের কাছে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান। বিএনপি নেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, রায়ের পর আপনার নীরবতা প্রমাণ করে আপনি তাদের লালন করছেন, প্রশ্রয় দিচ্ছেন। যতই ষড়যন্ত্র করুন না কেন, আপনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর জাসদ সভাপতি মীর হোসেন আক্তার, ফয়েজ উদ্দিন মিয়া, কৃষকলীগ নেতা আবদুল হাই তনু প্রমুখ।