জাবিতে কালো দিবস পালন করেছে সম্মিলিত শিক্ষক পরিষদ

মেয়াদোত্তীর্ণ ডিন, সিনেট, সিন্ডিকেট ও রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট সদস্যদের নিয়ে গত বছরের ২০ জুলাই ভিসি প্যানেল নির্বাচনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার কালো দিবস পালন করেছে সম্মিলিত শিক্ষক পরিষদ। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কালো ব্যানার ও পতাকা উত্তোলন করেছে শিক্ষক পরিষদ। এরপর বেলা ১১টায় সম্মিলিত শিক্ষক পরিষদ কালো কাপড় পরে শিক্ষকরা ক্যাম্পাসে একটি প্রতিবাদী মৌন মিছিল বের করেন। এদিকে ভিসির পদত্যাগ দাবিতে গতকালও প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। একমাস ধরে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচির কারণে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। ওদিকে শিক্ষক সমিতির আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘শিক্ষকমঞ্চ’। দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পরিস্থিতিতে ভিসির উচিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের সম্পর্কে মানহানি ও অংযত বক্তব্য প্রদান থেকে বিরত থাকা, শিক্ষক লাঞ্ছনার দৃষ্টান্তমূলক বিচার, জীববৈচিত্র্য ধ্বংসের কর্মসূচি বন্ধ করা। শিক্ষকমঞ্চ শিক্ষক সমিতিকে সংকট নিরসনে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান। অন্যদিকে একটি জাতীয় দৈনিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে নিয়ে চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হওয়ায় এর প্রতিবাদে গতকাল বিকাল ৩টায় ক্যাফেটেরিয়ার ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের জাবি শাখার সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল দাবি করেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে যে চাঁদাবাজির সংবাদ পরিবেশন করা হয়েছে তা ভিত্তিহীন। নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সকালে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় অবরোধ করে।