গফরগাঁওয়ের শীতল পাটির শিল্পীরা ভালো নেই
আতাউর রহমান মিন্টু, গফরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:০৯
ময়মনসিংহের গফরগাঁওয়ের শীতল পাটি শিল্পীদের মাঝে নেমে এসেছে দুর্দিন। আর্থিক সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আধুনিক প্রযুক্তির দাপট, ক্রেতা স্বল্পতার কারণে গফরগাঁওয়ে শীতল পাটি শিল্পীরা অস্তিত্ব সংকটে। এ অঞ্চলের পাটি শিল্পীরা সাত পুরুষের পেশা ছেড়ে দিচ্ছেন। মহাজনদের ঋণের ফাঁদে পড়ে ভিটেবাড়ি বিক্রি করে দেশান্তরি হয়েছেন অনেকেই। এরপরও কিছু মানুষ নাড়ির টানের মত ধরে রেখেছেন এই পেশাকে। চাকুয়া ও কুরচাই গ্রামে গেলে দেখা মিলবে তাদের। উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই ও চাকুয়া গ্রামের শতাধিক পরিবারের জীবিকা শীতল পাটি বোনা। চাকুয়া ও কুরচাই গ্রামের হিন্দু ধর্মালম্বীদের প্রায় ৫শতাধিক পরিবার শীতল পাটির বোনার কাজে জড়িত ছিল। বর্তমানে এই দুইটি গ্রামের শতাধিক পরিবার বেত চাষ ও পাটি বুনেই সংসার চালান। উপযুক্ত দাম না পাওয়া এবং কাঁচামালের অভাবে তারা এখন নানা সংকটে।