ত্রিশালে জাতীয় কবিকে ঘিরে নানা স্থাপনা
শেখ মহিউদ্দিন ও ফারুক আহমেদ
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:১৪
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর বহুকর্ম ও স্মৃতি রয়েছে ময়মনসিংহে ত্রিশালে। তাঁর নামে গড়ে উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয়সহ বহু প্রতিষ্ঠান। এই বিদ্রোহী কবির জীবনের সাথে ত্রিশাল নামটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বিদ্রোহী কবিকে তার জীবদ্দশায় কোন বাঁধনে বেঁধে রাখা যায়নি তবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কবির স্মৃতিকে ঠিকই বেঁধে রেখেছেন এ জনপদের মানুষ। কবির স্মৃতিবলয়ে ঘেরা ত্রিশাল এখন নজরুল পল্লী হিসাবে খ্যাত। ঢাকা থেকে মাত্র একশ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার অবস্থান। পর্যটক, নজরুল প্রেমিক উত্সাহীরা ছুটে আসে ত্রিশালের নজরুল স্মৃতি বিজড়িত স্থান সমূহে। প্রতি বছর কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তিন দিনব্যাপী নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। দুই বাংলার নজরুল ভক্ত, গভেষক, শিল্পী ও আলোচককরা এতে অংশ নেন।
নজরুল স্মৃতি কেন্দ্র, বটতলা ও নজরুল, কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ এখানে বিদ্রোহী কবিকে ঘিরে রয়েছে নানা স্থাপনা। সারাদেশ থেকে মানুষ এখানে ছুটে আসে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে ঘুরে দেখার জন্য। সবার জন্যই এখানে এ স্থাপনাগুলো উন্মুক্ত।