ব্রিজের অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাঁসের আলগী গ্রামের বুক চিরে প্রবাহিত কাঁচামাটিয়া নদীর উপর ব্রীজ না থাকায় দু’পারের দশ গ্রামের অর্ধলক্ষ মানুষ নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন । পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী কাঁচামাটিয়া । এ নদীটি উপজেলার উচাখিলা ইউনিয়নের হাঁসের আলগী গ্রামের ভিতর দিয়ে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার বুক চিরে ভৈরবে মেঘনা নদীতে মিলিত হয়েছে । এককালে কাঁচামাটিয়া ছিল বিশাল জলরাশির উত্তাল তরঙ্গের খরস্রোতা নদী । প্রবল খরস্রোতের কারণে হাঁসের আলগী নামক স্থানে গভীর কুড়ের (গর্তের) সৃষ্টি হয় । কালের আবর্তে কাঁচামাটিয়া নদীটি এখন মৃতপ্রায় । কিন্তু হাঁসের আলগী নামক স্থানে এখনো রয়েছে বিশাল জলরাশি । নদীর এ জলরাশির পশ্চিম পাড়ে মরিচারচর, ভোলার আলগী, কাশিয়ার চর, হাঁসের আলগী, রফিয়ার আলগী এবং পূর্বে নাওভাঙ্গা, মাটিখলা, বালিহাটা, তারুন্দিয়া ও তাহেরপুর এ দশটি গ্রামের অর্ধলক্ষ মানুষ নৌকা দিয়ে দু’পারের যোগাযোগ রক্ষা করে থাকেন ।