গ্রামের নামকরণ জব্বার নগর ৫ বছরেও বাস্তবায়িত হয়নি

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এই দাবিতে যারা জীবন উত্সর্গ করেছেন তাদের মধ্যে অন্যতম ভাষা শহীদ আব্দুল জব্বার। ১৯১৯ খ্রীষ্টাব্দে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুল জব্বার। ১৯৫২’র একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদ হন তিনি। এই মহান ভাষা শহীদের স্মৃতি রক্ষার্থে সরকারিভাবে তার নিজ গ্রামের নাম পরিবর্তন করে জব্বারনগর করার সিন্ধান্ত হলেও গত ৫ বছরেও তা বাস্তবায়িত হয়নি। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছে শহীদের পরিবারসহ এলাকাবাসী।২০০৭ সালের ২৫ মার্চ তারিখে স্থানীয় সরকার বিভাগের সভায় ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে তার গ্রামের নাম (জন্মস্থান) পাঁচুয়ার পরিবর্তে জব্বারনগর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই বছরের ৪ এপ্রিল তারিখে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে গ্রামের নাম পাঁচুয়ার পরিবর্তে জব্বারনগর নামকরণের বিষয়ে প্রস্তাব প্রেরণের জন্য ময়মনসিংহের জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। কিন্তু ৫ বছরেও সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি। গ্রামবাসী জানায়, বার বার প্রতিশ্রুতি সত্বেও কাজের কাজ কিছু হচ্ছে না। অবিলম্বের তারা এ মহান সৈনিকের নামে গ্রামের নামকরণ দেখতে চায়।