ভাঙ্গুড়ায় ভুয়া দলিল লেখক গ্রেফতার

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মো. মনিরুজ্জামান ওরফে নুরুজ্জামান নামে একজন দলিল লেখককে সোমবার গ্রেফতার করে পাবনা জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। নুরুজ্জামান উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, নুরুজ্জামান দাখিল পাসের ভুয়া সনদ দিয়ে লাইসেন্স সংগ্রহ করে ২০১৬ সাল থেকে দলিল সম্পাদন করে আসছিলেন।

সাব-রেজিস্ট্রার মো. মিল্লাত হোসেন বলেন, মোন্নাফ হোসেন নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টি তদন্ত করে জানতে পারি দলিল লেখক দাখিল পাসের যে সনদ দিয়ে লাইসেন্স সংগ্রহ করেছেন সেটি জাল। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।