নান্দাইলের হক চার্জার লাইট সারাদেশে সুনাম কুড়িয়েছে

নান্দাইলে ফাজিল পাস বেকার যুবক নূরুল হকের তৈরি হক চার্জার লাইট এখন দেশের ৩০টি জেলা শহরের ইলেক্ট্রনিক্স দোকানে বিক্রি হচ্ছে । এ চার্জার লাইটের আলোয় লোকজনের দোকানবাড়ি আলোকিত করার পাশাপাশি নূরুল হকের জীবনেও আলো ছড়িয়ে যাচ্ছে । ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ফরিদাকান্দা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক উসমান গনির পুত্র নূরুল হক (৪০)। ১৯৯৬ সনে ফাজিল পাস করে যুব উন্নয়ন থেকে ইলেক্ট্রনিক্স প্রশিক্ষণ নেন । পরে কিশোরগঞ্জ পৌরসভায় ইপিআই কর্মসূচিতে চাকরি নেন । ১০ বত্সর সেখানে চাকরি করার পর স্থায়ী না হওয়ায় চাকরি ছেড়ে দেন। বাড়িতে এসে চার্জার লাইট তৈরির চেষ্টা করতে থাকেন । এক সময় সফলও হন তিনি। এখন ৬ বছর ধরে চার্জার লাইট তৈরি করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। নূরুল হক বলেন, প্রথমে বাবার দশ শতক জমি বিক্রির টাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনেন, এর পর থেকে লাইট তৈরি ও বিক্রির আয় দিয়ে বাড়িয়েছেন হক চার্জারের কলেবর। এক সময়ে বেকার নূরুল হকের কারখানায় এখন কাজ করছেন ৬ জন শ্রমিক । প্রতিজনের বেতন ৫-৬ হাজার টাকা ।