গৃহবধূর বিষমুক্ত ফল, সবজি ও মসলার বাগান
শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:১৭
প্রকৃতির সাথে মিতালী করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের গৃহবধূ সেলিনা বেগম। বিষমুক্ত ফল, সবজি ও মসলার বাগান গড়ে তুলেছেন বাড়ির আঙিনার সামনের একখন্ড জমিতে। শহরে বসবাস করেও সন্তানদের মুখে বিষমুক্ত খাবার তুলে দেয়ার জন্যে এক অনন্য নজির স্থাপন করেছেন এই গৃহবধূ। এই বাগানটি এখন তার নিজস্ব আরেক ভুবন বলে তিনি জানান। স্বামীর চাকরির সূত্রে সেলিনা বেগম এখন বসবাস করেন ময়মনসিংহ শহরে। সেলিনা বেগম জানান, গ্রামের জীবনযাপন পদ্ধতির সাথে শহরের জীবনযাপন ব্যবস্থা অনেকটা ভিন্ন। শহরে পানি থেকে শুরু করে সবকিছুই টাকার বিনিময়ে পেতে হয়। কিন্তু সেখানে ভেজালমুক্ত খাবার খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। টাকা দিয়ে ভেজাল খাবার কিনতে হয়। যা জীবনের জন্য বড় রকমের হুমকি। তাঁর সন্তানদের জীবন হুমকির মুখে পড়ুক তা তিনি কোন মতেই চান না।