সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের শত শত যাত্রী!

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

রেলগেট খোলা রেখে ঘণ্টিঘরে লুডু খেলছিলেন গেটকিপার। এ অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করে সৈয়দপুর শহরের ১নং রেলগেট। তবে অল্পের জন্য রক্ষা পেলেন ব্যস্ততম পাঁচমাথা মোড় এলাকার শত শত যানবাহন ও পথচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি রবিবার বিকাল ৫টা ৫০ মিনিটে ওই রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার মো. শাহীন বন্ধুদের নিয়ে ঘণ্টিঘরে লুডু খেলছিলেন। এ সময় ট্রেন চলে এলেও কোনো গুরুত্বই ছিল না ওই রেলকর্মীর। পাঁচ সড়কের কেন্দ্রস্থলের ওই রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো বলে অভিযোগ করেন পথচারী রেজাউল ইসলাম।

সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।