গল্প নয় সত্যি

ওজন কমালে মিলবে সোনাদানা!

হয়তো একটু বেশি রকম মুটিয়ে গেছেন কেউ। ওজনটাকেও কিছুতেই রাখা যাচ্ছে না নিয়ন্ত্রণের মাঝে। এ অবস্থায় ওজন কমানোর তাগিদ বা প্রয়োজনটা এতদিন পর্যন্ত ব্যক্তিগত পর্যায়েই ছিল। কখনো বা খুব বড়জোর পরিবারের সদস্যরা এতে উত্সাহ দিয়েছেন। কিন্তু তাই বলে রাষ্ট্র বা শহরের নাগরিকরা কেন মুটিয়ে যাচ্ছে বা তাদের কেন ওজন কমানো উচিত এ বিষয় নিয়ে সরকার ও প্রশাসনের কখনোই কোনো মাথাব্যথা ছিল না। আর প্রথাগত এ ধারাতেই এবার ব্যতিক্রমের জন্ম দিয়েছে দুবাইয়ের সরকার। ‘স্বর্ণে আপনার ওজন’ নামের অভিনব এই কার্যক্রমের অংশ হিসেবে দুবাইয়ের নাগরিকেরা তাদের প্রতি এক কেজি অতিরিক্ত ওজন কমানোর জন্য সরকারের কাছ থেকে এক গ্রাম করে স্বর্ণ পাবেন। আর এভাবে পুরো রমজানের মাস ধরে যারা যত ওজন কমাবেন তাদের তত বেশি স্বর্ণমুদ্রা পাওয়ার সুযোগ থাকবে। তবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত চালু থাকা এই সুযোগটি শুধুমাত্র তারাই পাচ্ছেন যাদের ওজন তাদের প্রয়োজনীয় ওজনের তুলনায় বেশি এবং যারা এই কার্যক্রমের শুরুতে গেল এক সপ্তাহে তাদের ওজন সরকারি কার্যক্রমের জন্য লিপিবদ্ধ করেছেন। দুবাইয়ের নগর প্রশাসন জানিয়েছে, এভাবে ওজন কমিয়ে স্বর্ণমুদ্রা পাওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে দুই কেজি ওজন কমাতে হবে। আর ওজন কমানোতে সেরা তিন নাগরিক পুরস্কার হিসেবে পাবেন ২০,০০০ দিরহাম (প্রায় ৫,৪০০ ডলার) সমমূল্যের স্বর্ণ। এদিকে এ ধরনের কার্যক্রম গ্রহণের কারণ হিসেবে দুবাইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অতিরিক্ত মুটিয়ে যাওয়ার সমস্যাটি এখন আরব আমিরাতসহ উপসাগরীয় অনেকে দেশের জন্যই একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং প্রতিটি দেশই এ বিষয়ে নাগরিকদের সচেতন করে তুলতে চেষ্টা করছে। এমনিতে রমজান মাসে মুসলিমরা দিনের বেলায় পানাহার না করলেও রাতে রোজা ভাঙার পর এদের অনেকেই এত বেশি মাত্রায় মিষ্টি ও চর্বিজাতীয় খাবার খান যে, অন্য যেকোনো সময়ের তুলনায় এ সময় তাদের ওজন আরও বেড়ে যায়। আর এ কারণেই এ বছর রমজান মাসে প্রকৃত সংযমের মাধ্যমে নিজেদের ওজন কমাতে নাগরিকদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার চেষ্টা চালাচ্ছে দুবাই সরকার।