উজিরপুরে আকাশের নিচে চলছে পাঠদান
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:৩৩
উজিরপুর উপজেলার বান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করায় ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে ক্লাস নেয়া হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের পুরোনো ৪টি কক্ষই সম্পূর্ণ পরিত্যক্ত হয়েছে। ভবনের ছাদ ও ছাদের বিম ধসে পড়েছে এবং প্রতিটি বিম ও দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ফলে উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার মুজিবুর রহমান ও উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন সরেজমিন তদন্ত করে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। প্রচণ্ড রোদে কষ্ট করে ক্লাস করলেও বৃষ্টি শুরু হলে ছাত্র-ছাত্রীরা দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বৃষ্টি শেষ হলে আবার কর্দমাক্ত মাঠে ক্লাস করে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা বেপারী জানান, দীর্ঘদিন পর্যন্ত স্কুলটি পরিত্যক্ত হওয়ায় স্কুলের আশপাশে খালি কোন ঘর না থাকায় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন পর্যন্ত ঝুঁকিপূর্ণ থাকার পরও নতুন ভবন হয়নি। এখানে ৪টি গ্রামের ছাত্র-ছাত্রী পড়ালেখা করে। যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে তারা নতুন ভবন নির্মাণের দাবি জানান। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার মুজিবুর রহমান জানান, নতুন ভবন বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।