মাদকাসক্তদের হাতে একজন নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে আবাসিক এলাকায় মাদকসেবীদের গালিগালাজে বাধা দেয়ায় ছুরিকাঘাতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এলাকাবাসী ২ মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সূত্র জানায়, গত শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার কতুহারা বাজারে পাঁচবিবি এলাকার কতিপয় মাদকসেবী প্রকাশ্যে গালিগালাজ করলে আফাজ উদ্দীনের পুত্র সাদ্দাম হোসেন বাধা দিলে সাদ্দামকে ছুরিকাঘাত করে। সাদ্দামকে বাঁচাতে প্রশান্ত মহন্ত ও পিয়াস মহন্ত এবং বিপ্লব এগিয়ে আসলে মাদকসেবীরা তাদেরও ছুরিকাঘাত করে। এলাকাবাসী তাদেরকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে ডাক্তার সাদ্দামকে মৃত ঘোষণা করেন। সাদ্দামের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সাদ্দামের পিতা আফাজ উদ্দিন বাদি হয়ে পাঁচবিবি থানায় সাইম, সোহেল ও আরো অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মাদকসেবীদের একটি মোটর সাইকেল এলাকাবাসী পুড়িয়ে দিয়েছে। পাঁচবিবি থানার ওসি নূর হোসেন বলেন, সাদ্দাম হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।