চোরাচালান প্রতিরোধে বিজিবি ও বিএসএফ যৌথ টহল

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরা একটানা তিনঘন্টা যৌথ টহল দিয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ যৌথ টহল চলে। বিজিবির গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার জানান,‘সীমান্তে চোরাচালান প্রতিরোধের জন্য বছরে একবার দু’দেশের সীমান্তরক্ষীদের নিয়ে যৌথ টহলের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে শনিবারের এ যৌথ টহলের আয়োজন।’এতে বাংলাদেশের পক্ষে ৮ সদস্যের বিজিবি টিমের নেতৃত্ব দেন বিজিবির গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার। ভারতের ১২ সদস্য টিমের নেতৃত্বে ছিলেন নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার বানপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জয়দেব সিং।