কুমিল্লায় মোস্তাক হত্যাকাণ্ড
জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:৩৮
কুমিল্লায় যুবলীগ নেতা মোস্তাক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রবিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক গাজী ছাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সহকারী কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কাদের মজুমদার ভুলু, সদর দক্ষিণ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও জাতীয় বিদ্যুত্ শ্রমিকলীগ (সিবিএ) সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, কাজী কামাল, বিজয়পুর ইউপি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ জুলাই উপজেলার উত্তর রামপুরে যুবলীগ নেতা মোস্তাক আহমেদকে কুপিয়ে হত্যা করেছে সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা আলমগীর ও তার বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।