সিরাজগঞ্জ হাসপাতালে বন্ধ হয়ে যেতে পারে অপারেশন
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২১:৩৮
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অজ্ঞান বিশেষজ্ঞ চিকিত্সক না থাকায় রোগীদের অপারেশন কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। অপারেশন থিয়েটারের জুনিয়র কনসাল্টটেন্ট (এ্যানেসথেসিয়া) ডা. আব্দুর রাজ্জাককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করে পাবনা মেডিক্যাল কলেজে পদায়ন করা হয়েছে। এর ফলে পদটি খালি রয়েছে। একজন মেডিক্যাল অফিসার এ্যানেসথেসিয়া পদে কর্মরত থাকলেও তিনি হজ্বের ছুটিতে যাচ্ছেন। আগামী ৩ মাস কোন অপারেশন হবে কি-না তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাইন উদ্দিন বলেন, গাইনি এবং সার্জারি ওয়ার্ডে প্রতিদিন ১০ থেকে ১২টা অপারেশন হয়ে থাকে। অজ্ঞান বিশেষজ্ঞ না থাকায় অপারেশন কার্যক্রম ব্যাহত হবে। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে।