প্রাইম ব্যাংকের আরো পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২২:০৭
বিসমিল্লাহ গ্রুপের প্রায় ১২শ’ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় অনুসন্ধান কাজের শেষপর্যায়ে প্রাইম ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন প্রাইম ব্যাংক মতিঝিল শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) মো. আবুল কালাম, মো. ইকবাল আযীম কাদরী, সুরাইয়া রহমান ও এভিপি এবিএম শাজাহান ও কাজী খায়রুল ইসলাম। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের অনুসন্ধান টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদকসূত্র জানায়, অনুসন্ধান রিপোর্ট তৈরির একপর্যায়ে কোন কোন বিষয়ে তাদের যোগসূত্রতা পায় দুদকের অনুসন্ধান টিম। সেই যোগসূত্রতার সত্যতা যাচাইয়ের জন্য ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।