বানারীপাড়ায় নিহত জাসদ নেতা হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২২:১২
বানারীপাড়ার চাখারে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্মম নির্যাতনে নিহত উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকালে চাখার ডাকবাংলোর সামনের সড়কে অনুষ্ঠিত জানাজা শেষে মাদারকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন। জানাজার পূর্বে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি মুঠোফোনে বক্তৃতায় নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দলীয় পরিচয় নয় অপরাধীদের অপরাধী হিসেবে গণ্য করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে আশ্বস্ত করেন। এছাড়াও বক্তৃতা করেন তথ্য মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জাসদ নেতা সাজ্জাদ হোসেন, বরিশাল জেলা জাসদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিরণ, চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন, উপজেলা জাসদের সম্পাদক আনিসুর রহমান, শ্রমিক দলের সহসভাপতি আবু জাফর প্রমুখ।
এদিকে জানাজা শেষে স্থানীয় লোকজন চাখার বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর মালিকানাধীন অগ্রণী ব্যাংক ভবনের একটি কক্ষ থেকে নিহত হুমায়ুন কবিরের রক্তমাখা পাঞ্জাবী ও এর পকেটে থাকা ৩২০ টাকা উদ্ধার করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক সঞ্জিত চন্দ্র শীল আলামত হিসেবে টাকা ও পাঞ্জাবী নিয়ে যান। দুপুরে তথ্য মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান ও নিহত হুমায়ুন কবিরের ভগ্নিপতি বানারীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফা হাওলাদার ওসি গোলাম ছরোয়ারের সঙ্গে থানায় দেখা করলে তিনি তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহূিত করে গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আশ্বাস দেন। হুমায়ুন কবির হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আঃ সালাম ওরফে গাছ সালাম ও জসিম শরীফকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টের মাধ্যমে গতকাল জেল হাজতে পাঠানো হয়েছে।