বেলজিয়ামের রাজা হলেন ফিলিপ
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২৩:১১
কুড়ি বছর রাজত্ব চালানোর পর সিংহাসন ত্যাগ করলেন বেলজিয়ামের রাজা দ্বিতীয় অ্যালবার্ট। ৭৯ বছর বয়সী রাজা অ্যালবার্ট গতকাল রবিবার জাতির উদ্দেশে এক ভাষণে এই ঘোষণা দেন। এখন রাজা হয়েছেন তার ছেলে যুবরাজ ফিলিপ। গতকাল দেশটির সপ্তম রাজা হিসেবে শপথ নিয়েছেন ফিলিপ।-খবর বিবিসির।
রবিবার সিংহাসন ত্যাগের সময় শেষ ভাষণে ইউরোপের প্রেরণার উত্স হয়ে থাকতে বেলজিয়ামের জন্য শুভ কামনা করেন ৭৯ বছর বয়সী বিদায়ী রাজা। চলতি মাসের গোড়ার দিকে রাজা অ্যালবার্ট জানান, স্বাস্থ্যগত কারণে তিনি তার দায়িত্ব আর পালন করতে পারছেন না। নতুন রাজা ফিলিপ বেলজিয়ামের বিমান বাহিনীর একজন পাইলট। তিনি অক্সফোর্ড এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। বেলজিয়ামে রাজতন্ত্র থাকলেও রাজার ভূমিকা মূলত আনুষ্ঠানিক। রাজার অন্যতম কাজ হচ্ছে সাংবিধানিক সঙ্কট সামাল দেয়া। রাজা দ্বিতীয় অ্যালবার্ট আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছেড়ে ছেলে ফিলিপের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ৫৩ বছর বয়সী ফিলিপ দায়িত্ব নিয়েই সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার করেন।