ধর্মের নামে ক্ষমতা দখলের পুরনো ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতা দখলের পুরনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি-জামায়াত জোট। একাত্তরেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির খেলা জনগণ প্রত্যাখ্যান করেছে, আগামী নির্বাচনেও তাদের এই ষড়যন্ত্র জনগণ প্রত্যাখ্যান করবে। বিএনপি যুদ্ধাপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত ও হেফাজতে ইসলামকে সঙ্গী করে সারাদেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। গতকাল রবিবার ভোলা সদরের চর শ্যামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তফার সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা সভাপতি মোশারেফ হোসেন, সম্পাদক নজরুল ইসলাম গোলদার ও ইউনিয়ন নেতারা এ সময় বক্তৃতা করেন।