ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন নিয়ে গুলিস্তানে দুই গ্রুপে সংঘর্ষ

রাজধানীর গুলিস্তানে যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল রবিবার রানা-মুরাদ গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ কামাল হোসেন (৩১), নূরু (৩০) ও দেলোয়ার (৩০) নামে যুবলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে। ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পল্টন থানা পুলিশ জানায়, ইফতারের ২০ মিনিট আগে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কোয়ারে রানা-মুরাদ ও কবির গ্রুপের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এসময় গুলিস্তানে ঈদের কেনাকাটা করতে আসা শত শত মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। রানা-মুরাদ গ্রুপের কর্মীরা ধাওয়া দিয়ে কবির গ্রুপের কর্মীদের গুলিস্তান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। এক পর্যায়ে গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্স থেকে পুলিশ এসে টিয়ার সেল ও রাবার বুলেট ছোঁড়ে। প্রায় ১০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে পল্টন থানার ওসি সারোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে থানায় কোন পক্ষই এখনো মামলা করেনি। এ ব্যাপারে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন বলেন, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন নিয়ে কোন সংঘর্ষের অভিযোগ এখনো কেন্দ্রীয় কমিটির কাছে আসেনি।