আল জাজিরা টিভিতে মিথ্যাচার করেছেন মুঈনুদ্দিন :প্রজন্ম ৭১
প্রকাশ : ২১ জুলাই ২০১৩, ২৩:১৪
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চৌধুরী মুঈনুদ্দীন সম্প্রতি কাতারভিত্তিক আল জাজিরা টিভিতে এক সাক্ষাত্কারে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছে ‘প্রজন্ম ৭১’। সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় বিশেষ ট্রাইব্যুনালকে ক্যাঙারু কোর্ট বলার মতো ধৃষ্টতাও তিনি দেখিয়েছেন। তিনি যে মিথ্যাচার করেছেন, তার প্রমাণ পাওয়া খুব কঠিন কিছু নয়। মুক্তিযুদ্ধের সময় তিনি আল বদর বাহিনীর সঙ্গে ছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়, ব্রিটিশ চ্যানেল ফোরে প্রচারিত ওয়ারক্রাইমস ফাইল প্রামাণ্য অনুষ্ঠানটি দেখলেই যে কেউ বুঝতে পারবেন মুঈনুদ্দীন মিথ্যা বলেছেন। দৈনিক পূর্বদেশের সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফাকে একাত্তরের ডিসেম্বরে অপহরণ করা হয়। গোলাম মোস্তফার ভাই গোলাম দুলু রহমান তখন পূর্বদেশের সম্পাদক এহতেশাম হায়দার চৌধুরীর কাছে সাহায্যের জন্য যান। চৌধুরী মুঈনুদ্দীন গোলাম মোস্তফার সহকর্মী ছিলেন। এহতেশাম হায়দার চৌধুরী তখন দুলু রহমানকে মুঈনুদ্দীনের কাছে পাঠান। মুঈনুদ্দীন রিকশায় করে দুলুকে পুরানা পল্টনে আল বদর অফিসে নিয়ে যান। এরপর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ে যান। দুলু জানিয়েছিলেন, শারীরিক শিক্ষা কেন্দ্রে মুঈনুদ্দীনকে দেখে প্রহরীরা স্যালুট দিয়েছিল।
বিবৃতিতে বলা হয়, মুঈনুদ্দীন যে মিথ্যাচার করছেন তা ট্রাইব্যুনালে তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে।