জাপান পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে অ্যাবের জয়

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়েছে। বুথ ফেরত জরিপে এমনটিই দেখা গেছে। নির্বাচনে জয়ের মাধ্যমে পার্লামেন্টের উভয়কক্ষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে অ্যাবের। খবর বিবিসির। অ্যাবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও এর শরিক দল নিউ কোমেইতো ১২১টি নির্বাচনী আসনের মধ্যে কমপক্ষে ৭১টি আসন পেতে চলেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে বুথ ফেরত জরিপে এ পূর্বাভাস দিয়েছে। আজ সোমবার সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। আর এর মধ্য দিয়ে ৬ বছরের মধ্যে এবারই প্রথম পার্লামেন্টের উভয়কক্ষে পূর্ণ নিয়ন্ত্রণ পেতে চলেছে অ্যাবের নেতৃত্বাধীন জোট। অ্যাবে বলেছেন, নির্বাচনের এই ফল অর্থনৈতিক সংস্কারের জন্য। এই সংস্কার জনগণের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। এই নির্বাচনে জয়ের মাধ্যমে অ্যাবের ক্ষমতার ভিত আরো পাকাপোক্ত হবে এবং ২০০৬ সালে জুনিচিরো কোইজুমির ক্ষমতা ছাড়ার পর দেশটিতে প্রথম স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার পথ প্রস্তুত হবে। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, অ্যাবের জোট শেষ পর্যন্ত উচ্চকক্ষের ২৪২ আসনের মধ্যে ১৩০টি আসন পাবে। উচ্চকক্ষের মোট আসনের অর্ধেক আসনে গতকাল রবিবার নির্বাচন হয়েছে।