গার্মেন্টস ফ্যাক্টরী কমপ্লায়েন্ট হলে জিএসপি ফেরত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডন ডব্লিউ মজীনা বলেছেন, সাভারে ঘটে যাওয়া ‘রানা প্লাজা’র ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে এড়াতে হলে তৈরি পোশাক কারখানাকে কমপ্লায়েন্সের (কারখানার কর্মপরিবেশ সংক্রান্ত বাধ্যবাধকতা) আওতায় আনত হবে। এটি কার্যকর করা গেলে যুক্তরাষ্ট্রের স্থগিত করা জিএসপি সুবিধাও ফেরত পাওয়া যাবে এবং বাংলাদেশের পক্ষে এশিয়ার পরবর্তী টাইগারে পরিণত হওয়া সহজ হবে। গতকাল রবিবার বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে (বিইউএফটি) ডিজাইন স্টুডিওর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। জিএসপি ফেরত পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের দেয়া রোডম্যাপ উল্লেখ করে তিনি বলেন, সব কারখানাকে অবশ্যই কমপ্লায়েন্সের আওতায় আনতে হবে। কমপ্লায়েন্স ছাড়া যাতে কোন কারখানা চলতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। রানা প্লাজার ঘটনার পর বাংলাদেশের গার্মেন্টস খাতের নিরাপত্তা নিয়ে মার্কিন নাগরিকরা খুবই উদ্বিগ্ন। বিইউএফটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর দ্বিতীয় সহ-সভাপতি ও বিইউএফটি’র ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান এস এম মান্নান কচি, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ফারুক হাসান, সাবেক পরিচালক ফাইজুননবী, বিইউএফটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন, প্রো-ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ূব নবী খান এবং রেজিস্ট্রার এএনএম রফিকুল আলম।