তত্ত্বাবধায়ক পুনর্বহালে সরকার উদ্যোগ নিলে বিএনপির সহযোগিতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের জন্য সরকার উদ্যোগ নিলে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি চায় দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বেগম খালেদা জিয়া সংকট নিরসনে সরকারকে সমঝোতার আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার জবাবে অনেক নেতিবাচক কথাবার্তা বলেছেন। সমাধানের পথকে দূরে ঠেলে দিয়েছেন। সংকট সমাধানে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আমরা মনে করি, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সংকট নিরসনে সমঝোতার কোন বিকল্প নেই। গতকাল রবিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল হাই স্কুল মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত ইফতার-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কে.এম.আই খলিল, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা একেএম শামছুল হক, আবুল হাসেম চেয়ারম্যান, সাইফুল আলম ভুঁইয়া, জসিম উদ্দিন আহমেদ প্র্রমুখ।