সাতকানিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে শিশুতল এলাকা থেকে গতকাল রবিবার সকাল ৭টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের আনুমানিক বয়স ৩০। সাতকানিয়া থানার পুলিশ খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ ইত্তেফাককে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠবে। যুবকটিকে অন্য কোন জায়গায় হত্যা করে হত্যাকারীরা উপজেলার শিশুতল এলাকায় ফেলে চলে গেছে বলে মনে হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।