বেসিস-এর মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার প্রদর্শনী শুরু

বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে বেসিস অডিটোরিয়ামে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার প্রদর্শনী। বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শেখ কবির আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিসের কোষাধ্যক্ষ এবং বেসিস লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর-ইনচার্জ উত্তম কুমার পাল। এই বিজনেস সফটওয়্যার শোকেসে ১৪টি বেসিস সদস্য কোম্পানি তাদের বিভিন্ন মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার প্রদর্শন করছে। কোম্পানিগুলো হচ্ছে অ্যাডভান্সড ইআরপি (বিডি), বাংলাদেশ মাইক্রোটেকনোলজি, বেস্ট বিজনেস বন্ড, কম্পিউটার ইজ, সিএসএল সফটওয়্যার রিসোর্সেস, ড্যাফোডিল কম্পিউটারস, এপসিলন কনসাল্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, এন্টার আইটি বিডি, লেক্সিনিয়ার সলিউশনস, মিডিয়া মিক্স এন্টারপ্রাইজ, এরা ইনফোটেক, এমএম সার্ভিসেস, মির টেকনোলজিস এবং টেকনোভিসতা। আগামীকাল প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনী সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।