চলে গেলেন আখতার আলী

প্রবীণ অভিনেতা ও পরিচালক আখতার আলী আর নেই। গতকাল সকাল ১১ টায় তিনি টঙ্গী বোর্ড বাজারের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। সৈয়দ আখতার আলী ১৯৪১ সালের ১৭ অক্টোবর আসামের ধুপরীতে জন্মগ্রহণ করেন। তিনি ‘নদী ও নারী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। এরপর অভিনয় করেন অসংখ্য ছবিতে। সৈয়দ আখতার আলী ‘নাবালক’ নামে একটি ছবি পরিচালনাও করেন। সৈয়দ আখতার আলীর মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটর গিল্ড ও ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছে।