বর্ণবাদী রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২০:৫৫
যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যায় অভিযুক্ত জর্জ জিমারম্যানকে গত সপ্তাহে বেকসুর খালাস দেয়ার প্রতিবাদে শনিবার দেশটির একশর বেশি শহরে বিক্ষোভ হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে জিমারম্যানের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ কিশোর ট্রেভন মার্টিন নিহত হয়। খবর বিবিসি বাংলার।
বিক্ষোভকারীরা জর্জ জিমারম্যানের বেকসুর খালাসের বিষয়ে একটি ফেডারেল নাগরিক অধিকার তদন্তের দাবি জানাচ্ছেন। বিক্ষোভকারীরা বলছেন, তাদের দাবি পূরণ হবার আগ পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবেন। এই হত্যা মামলাটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র, বর্ণ-সম্পর্ক এবং আত্মরক্ষা আইন নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। নিউইয়র্কের এক সমাবেশে নিহত কিশোরের মা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আইন পরিবর্তনের আহবান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নানা প্রান্তের এই বিক্ষোভকারীরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন। তবে এসব বিক্ষোভের সংগঠকরা বলছেন, এটি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ। বিক্ষোভকারীদের মধ্যে প্রখ্যাত নাগরিক অধিকার কর্মী রেভারেন্ড আল শার্পটন বলেন, আত্মরক্ষার বর্তমান আইনটি পরিবর্তন করতে হবে। এমন কোন আইন থাকতে পারে না, যে আইনে আপনি কোন মানুষকে হুমকি বলে মনে করলে তাকে হত্যা করার অধিকার রাখেন। বিক্ষোভে অংশ নিতে নানা শ্রেণী এবং পেশার মানুষ আসছেন। নিউইয়র্কের একটি সমাবেশে সমর্থন জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন সঙ্গীত তারকা জে-জি এবং বেয়োন্সেও। সেই সমাবেশেই বক্তব্য রাখেন ট্রেভন মার্টিনের মা সিবরিনা ফুলটন।
ট্রেভন মার্টিনের এ মামলাটি যুক্তরাষ্ট্রের বর্ণ-সম্পর্ক এবং আত্মরক্ষা আইন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। প্রেসিডেন্ট বারাক ওবামাও এ সপ্তাহে এক বক্তব্যে আদালতের রায়ে মানুষের হতাশার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেছেন, ৩৫ বছর আগে হলে এই পরিণতি আমারও ভোগ করতে হতে পারতো। মার্কিন প্রেসিডেন্টের জন্য এটি বিরল একটি ঘটনা। বিক্ষোভকারীরা পরিবর্তনের ডাক দিচ্ছে।