বাশার বাহিনীর বিরুদ্ধে আবারো নিষ্ঠুরতার অভিযোগ

সিরিয়ার মানবাধিকার কর্মীরা বলছেন, দেশটির উপকূলীয় শহর বানিয়াসের কাছে বেইদা গ্রামে একটি পরিবারের অন্তত ১৩ জন সদস্যকে হত্যা করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু। কিছু সংবাদে বলা হচ্ছে, নারী এবং শিশুদের একটি বাড়িতে বন্দী করে সেই বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। আরো উত্তরের ইদলিব প্রদেশের আরিহা শহরে সরকারি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৩ জনের মৃত্যু এবং আরো অনেকে আহত হবার খবর পাওয়া যাচ্ছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। সিরীয় একটি মানবাধিকার সংস্থা বলছে, সুন্নি অধ্যুষিত বেইদা গ্রামে নিহত পরিবারটির সদস্যদের মধ্যে ৪ জন নারী এবং ৬টি শিশু ছিল। সিরিয়ার বিদ্রোহীরা বলছে, সরকারি বাহিনী এবং আধা-সামরিক বাহিনীর সৈন্যরা প্রথমেই ফাত্তোহ পরিবারের তিনজন পুরুষকে গুলি করে হত্যা করে। এরপর তারা ঐ পরিবারের নারী এবং শিশুদের একটি বাড়িতে বন্দী করে এবং হত্যা করে। কিছু খবরে বলা হচ্ছে, ঐ পরিবারটিকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যরা বলছে, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। বেইদার কাছেই বানিয়াসে সংঘর্ষের পরই এই হত্যাকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। বানিয়াসের সংঘর্ষে সরকারি বাহিনীর বেশকিছু সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ঐ ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। অভিযোগ রয়েছে যে, সরকার এবং তাদের সমর্থক সংখ্যালঘু আলাওয়ী সম্প্রদায় ঐ এলাকা থেকে সুন্নিদের নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা চালাচ্ছে। গত মে মাসে বেইদা এবং বানিয়াসে বড় ধরনের হত্যাকাণ্ডের খবর পাওয়া গিয়েছিল, যেই ঘটনাকে বর্ণনা করা হচ্ছিল সুন্নিদের ওপর সাম্প্রদায়িক গণহত্যা হিসেবে।