সংকট কাটছে সোনালী ব্যাংকের
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২১:০৮
হলমার্ক ঋণ জালিয়াতির ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে সোনালী ব্যাংক। তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যাংকটি বর্তমানে কলমানি মার্কেটে নিয়মিত টাকা ধার দিচ্ছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ দাবি করেন।
এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক হাসান ইকবাল, উপমহাব্যবস্থাপক মো. মোফাজ্জেল হোসেন ও মোর্শেদ আলম খন্দকার উপস্থিত ছিলেন। অতি সমপ্রতি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সূচকের সাফল্য তুলে ধরে হাসান ইকবাল বলেন, সোনালী ব্যাংক তার দুঃসময় অনেকখানি কাটিয়ে উঠতে পেরেছে। ২০১২ সালে ব্যাংকের তারল্য পরিস্থিতি যে নাজুক অবস্থায় পড়েছিল সেই অবস্থা এখন আর নেই। তিনি জানান, ব্যাংক বর্তমানে প্রয়োজনীয় সিআরআর সংরক্ষণে সক্ষম হয়েছে। পাশাপাশি আবারো কলমানি মার্কেটে মুদ্রা সরবরাহের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
উল্লেখ্য, হলমার্কসহ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ঘটনার পর দেশের সর্ববৃহত্ এই ব্যাংকটি ২০১২ সালে কলমানি মার্কেটে মুদ্রা সরবরাহের পরিবর্তে ধার নেয়া শুরু করে।
হাসান ইকবাল জানান, মার্চ ২০১২ থেকে মার্চ ২০১৩ এই এক বছরের ব্যবধানে ব্যাংকের আমানত বেড়েছে ৬ হাজার ৫৩০ কোটি টাকা। বর্তমানে আমানত স্থিতির পরিমাণ ৫৮ হাজার ৫৫ কোটি টাকা। ঋণ আদায় বাড়ার পাশাপাশি শ্রেণিকৃত ঋণের পরিমাণও কমছে বলে তিনি উল্লেখ করেন।