এটিএম শামসুজ্জামানের চিকিত্সা বাবদ ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিত্সার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন। গতকাল সোমবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিত্সাধীন বরেণ্য এই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ব্যারিস্টার বিপ্লব এ সময় কর্তব্যরত চিকিত্সকদের কাছে বর্ষীয়ান এ অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, অসুস্থ অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিত্সার সব ব্যয়ভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন।

শামসুজ্জামানের মেয়ে কোয়েল সাংবাদিকদের জানান, ‘বাবা আগের চেয়ে তুলনামূলক ভালো আছেন।’ এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান বলেন, ‘হাসপাতালের বকেয়া বাবদ এই টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীতে চিকিত্সা বাবদ যাবতীয় অর্থ তিনিই দেবেন বলে আমাদের জানানো হয়েছে।’ মাঝে এটিএম শামসুজ্জামানকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা উঠলেও মেডিক্যাল রিপোর্ট পর্যালোচনা করে চিকিত্সকরা দেশেই তার চিকিত্সার সিদ্ধান্ত দিয়েছেন বলে সালেহ জামান জানান। এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল আলম, অরুন সরকার রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।