বেনাপোলে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, দু’জন আটক
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:০৬
পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় গতকাল সোমবার ভোরে বেনাপোলের বাইপাস সড়ক থেকে ৩টি মোটর সাইকেল, ১টি বিদেশি পিস্তলসহ নজরুল ইসলাম ও রফিকুল আলম নামে দুই চাঁদাবাজকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, শাহীন নামে এক ব্যবসায়ী তার চারজন সঙ্গী নিয়ে দুটি মোটর সাইকেলযোগে যাশোর যাচ্ছিল। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কে আসলে ৭/৮ জনের একটি চাঁদাবাজ দল প্রথমে পুলিশ পরিচয়ে মোটর সাইকেল দুটির গতিরোধ করে। পরে শাহীনের মাথায় অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেলসহ তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এসময় তার সাথে থাকা সঙ্গীদের চিত্কারে আশপাশের লোকজনসহ টহল পুলিশ এসে অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। আটক চাঁদাবাজরা হলো ঝিকরগাছার নবীনগর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র রফিকুল আলম অনিক (১৯) ও বেনাপোল তালসারী গ্রামের সহিদুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (২৫)। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র ও চাঁদাবাজির অপরাধে পৃথক দুটি মামলা হয়েছে।