আশুগঞ্জে গাড়ি চাপায় বৃদ্ধ নিহত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:০৮
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডের কাছে গতকাল সোমবার সকালে প্রাইভেট কার চাপায় আব্দুল মালেক(৭৫) নামে এক পথচারী নিহত ও কার চালকসহ ২ জন আহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা সোহাগপুর বাসস্ট্যান্ডে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গতকাল সোমবার সকালে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বৃদ্ধ আব্দুল মালেক রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি প্রাইভেটকারের চাপায় গুরুত্বর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে বাজিতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময় প্রাইভেটকারটি উল্টে খাদে পড়ে চালক ও একজন যাত্রী আহত হয়।
এই ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে সোহাগপুর বাসস্ট্যান্ডে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা।এতে মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন ও থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক ঘটনাস্থলে গিয়ে এক সপ্তাহের মধ্যে সোহাগপুর বাসস্ট্যান্ডে স্পিডব্রেকার নির্মাণের আশ্বাস দিলে সকাল ১০টায় অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান, যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল থেকে একটি বাস হবিগঞ্জ যাচ্ছিল। পথে সাতগাঁও এলাকায় বাসটি শ্রীমঙ্গলগামী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক ও দুই যাত্রীর মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত মোঃ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।