সংবাদ সংক্ষেপ

পটিয়া পৌরসভায় বাজেট ঘোষণা পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৩৪ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১০ লক্ষ ৭৫ হাজার টাকা। রাজস্ব ব্যয় ৩ কোটি ২৪ লক্ষ ১৫ হাজার টাকা। রাজস্ব আয় থেকে উন্নয়ন বরাদ্দ ১ কোটি ৮০ লক্ষ টাকা। বাজেটে পৌরসভা বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এর প্রকল্পভূক্ত হয়েছে। মোবারকগঞ্জের আখচাষীদের ভর্তুকির টাকা বিতরণ কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ট্রেনিং কমপ্লেক্সে গতকাল সোমবার সকালে রোপা উন্নত পদ্ধতিতে ১২শ’ আখচাষীদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ে বরাদ্দকৃত ভর্তুকির ২৬ লক্ষ টাকা বিতরণ করেছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। মনোহরদীতে দরিদ্র মহিলাদের চেক প্রদান মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা গত রবিবার মনোহরদী উপজেলা হলরুমে ১১০ জন দরিদ্র মহিলাকে ৭৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উপজেলায় ১২ টি ইউনিয়নে গত ২০০৭ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত উপজেলার রুরাল এম্লোইমেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রামে (আরএমপি) প্রকল্পে কর্মরত দরিদ্র মহিলারা গ্রামীণ রাস্তা সংস্কারের কাজ করে আসছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। সাতক্ষীরায় শ্রমজীবী শিশুদের সম্মেলন সাতক্ষীরা প্রতিনিধি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, সমাজের সব শ্রেণির শিশুদের সমান সুযোগ নিশ্চিত করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়ন করতে সরকারকে আরও আন্তরিক হতে হবে। গৃহকর্মে নিয়োজিত শ্রমজীবী শিশুদের আঞ্চলিক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দুয়ায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা কেন্দুয়ায় সংঘর্ষে আহত মালেনেওয়াজ (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার চিকিত্সাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কাঁঠাল চুরির ঘটনাকে কেন্দ্র করে সান্দিকোনা গ্রামের হাছেন ও দুরছাপুর গ্রামের ফারুক মিয়ার রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষে ৩৫ জন আহত হয়। এ ঘটনায় সান্দিকোনা গ্রামের হাছেন (৪০), আক্কাছউদ্দিন (৪২) ও কালামকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। কাঠালিয়ায় দুর্ধর্ষ ডাকাত মামুন গ্রেফতার কাঠালিয়া (ঝালকাঠি)সংবাদদাতা কাঠালিয়ায় দুর্ধর্ষ ডাকাত মামুন খান (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে কাঠালিয়া থানার এসআই আবদুস সালাম, তাহাজ্জোত হোসেন ও সোলায়মান হোসেনের নেতৃেত্বে একদল পুলিশ ডাকাত মামুন খানকে গ্রেফতার করে। কাঠালিয়া ডাকাত মামুন ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। কোটালীপাড়ায় কৃষিসেবা বিষয়ক মতবিনিময় কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গুণগত কৃষিসেবা প্রদান ও প্রাপ্তিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা। গতকাল সোমবার উপজেলার ঘাঘর ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি সংস্থা এসডিসি’র সহযোগিতায় প্রিপ ট্রাস্টের‘অপরাজিত: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল। হোসেনপুরে শিক্ষকদের সনদ বিতরণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা বেসিক আইসিটি স্কিল এন্ড টিচার লিড কনটেন্ট ডেভেলপমেন্ট টেনিং ও বিসিসি-এর অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক স্তরের ১৫জন শিক্ষককে ১৫দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো:মোসলেহউদ্দিন খানের সভাপতিত্বে কলেজ হলরুমে প্রধান অতিথি সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো:আবুল কালাম আজাদ। পুটখালী সীমান্তে শিশুসহ ২৯ জন আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় গত রবিবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২৯ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল তায়েফ-উল-হক জানান, সকালের দিকে পুটখালী সীমান্ত থেকে অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় পুটখালী ক্যাম্পের সুবেদার আলাউদ্দীন অভিযান চালিয়ে এদের আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে। নড়াইল প্রেসক্লাবের নির্বাচন নড়াইল প্রতিনিধি নড়াইল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনামুল কবীর টুকু (আমাদের সময় ও বিটিভি) এবং সাধারণ সম্পাদক পদে তারেক আলম (কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি সুলতান মাহমুদ ও মুনীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন টিপু ও মীর্জা নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ খান, দপ্তর সম্পাদক আবদুস সাত্তার, সদস্য ভক্ত সরকার, রিফাত বিন ত্বহা, শামীমুল ইসলাম টুলু, তারিকুজ্জামান লিটু, এসএম হালিম মন্টু ও গুলশান আরা নির্বাচিত হয়েছেন। বড়াইগ্রামে মাঠ দিবস উদযাপিত বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে গত রবিবার মুগ চাষ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ফুড এন্ড লাইভলিহুড সিক্যুরিটি প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার মুগচাষিদের নিয়ে এ মাঠ দিবসের আয়োজন করে। ওয়ার্ড মেম্বার মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের জেলা কর্মকর্তা শ্রী সুভাস চন্দ্র দে। সুনামগঞ্জে বৃক্ষমেলা শুরু দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা সুনামগঞ্জের দিরাই উপজেলার বিএডিসি মাঠে তিনদিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় ফলদ, বনজ ও ঔষধী গাছের ৪০টি স্টল স্থান পেয়েছে। দিরাই গণমিলনায়তন হলে আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাব হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেন প্রমুখ। ধুনটে মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান ধুনট (বগুড়া) সংবাদদাতা বগুড়ার ধুনট উপজেলার ৫৪ জন দরিদ্র মেধাবী ও প্রতিবন্দী ছাত্র-ছাত্রীর মাঝে ১ লক্ষ ৮৪ হাজার এবং আদিবাসী সম্প্রদায়ের ১২৬ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৪ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত রবিবার সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান ঐচ্ছিক তহবিলের উক্ত অনুদান প্রদানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান প্রমুখ। ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতার গণসংযোগ ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩(ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে গণসংযোগে মাঠে নেমেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাঈম। তিনি গত বৃহস্পতিবার উপজেলার কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নাগরপুরে স্টক এক্সচেঞ্জ সভাপতির গণসংযোগ নাগরপুর, (টাঙ্গাইল) সংবাদদাতা দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ সভাপতি আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু শনিবার নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় গণসংযোগ করেন। চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা চান্দিনা পৌর এলাকার হারং গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বৃহত্তর হারং গ্রামে দক্ষিণ হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে এ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন বক্সী। ফরিদপুরে আখচাষীদের ভর্তুকির টাকা বিতরণ মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের মিলগেট ও সাবজোন এলাকার ১৬৮১ জন চাষীর মাঝে সরকারিভাবে কৃষি ভর্তুকির টাকা প্রদান করা হয়। গত রবিবার বালিয়াকান্দি রাজবাড়ির চাষীদের রোপা আখের সাথী ফসল উত্পাদনকারী প্রত্যেক চাষীকে ৪৪০০ রোপা পদ্ধতিতে বীজ ক্ষেত চাষীকে ৩৮০০ রোপা, সাধারণ চাষীকে ৩৩০০ এবং রোপা আখের মুড়ি চাষীকে প্রতি একরে ২০০০ করে এ ভর্তুকি প্রদান করা হয়েছে। ভর্তুকি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার, বিএসআরআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো.সাইয়ুম, চিনিকলের মহা-ব্যবস্থাপক (কৃষি) সূর্যকান্ত ব্যাপারী প্রমুখ। ফজলে রাব্বী সংসদের কমিটি গঠিত কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় ফজলে রাব্বী সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। গত রবিবার কুমিল্লা টাউন হলের কনফারেন্স রুমে নীতিশ সাহাকে সভাপতি, শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক ও ডা. গোলাম শাহজাহানকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করা হয়। এর আগে সংসদের সভাপতি নীতিশ সাহার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন কয়রা (খুলনা) সংবাদদাতা কয়রা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সাধারণ সভা গত ২০ জুলাই ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে আগামী ১ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন: সভাপতি- মোস্তফা শফিকুল ইসলাম, সহ-সভাপতি- সদরউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক- আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক- শেখ মনিরুজ্জামান মনু, কোষাধ্যক্ষ- মোঃ রিয়াছাদ আলী, দপ্তর সম্পাদক- আব্দুর রউফ, প্রচার সম্পাদক- শেখ কওছার আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য- মোহাঃ হুমায়ূন কবির, অধ্যাপক শহীদুল্যাহ শাহীন, জিয়াউর রহমান ঝন্টু। হোসেনপুরে সংবেদনশীল কর্মশালা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুর উপজেলা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায়, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন (এমএলএএ)-এর অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক উপজেলা সংবেদশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাদির স্বপন, জেলা সমন্বয়কারী আবুল বাশার বেপারী, জেলা প্রশিক্ষক ফয়সাল আহম্মেদ প্রমুখ। বরিশালে নকল জাম্বু কয়েল বিক্রির দায়ে জরিমানা বরিশাল অফিস অনুমতিবিহীন মাস্টার কিং জাম্বু কয়েল বিক্রির অপরাধে বটতলা সার্কুলার রোড এলাকার মেসার্স কবির এন্টারপ্রাইজকে পাঁচশত টাকা, চৌমাথা এলাকার রোজি স্টোর থেকে পাঁচশত টাকা, ভাই ভাই স্টোর থেকে এক হাজার টাকা, চৌমুহনী স্টোর থেকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সদর রোডের গার্ডেন ইন রেস্তোরাঁ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করে। fাণ্ডারিয়ায় আইসিটি স্কিল ট্রান্সফার বিষয়ক সভা ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এবং মানব শক্তিকে মানব সম্পদে পরিণত করতে গত রবিবার ভান্ডারিয়া বিহারী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা কম্পিউটার শিক্ষক সমিতি আয়োজিত আইসিটি স্কিল ট্রান্সফারবিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকরা অংশ নেন। কম্পিউটার শিক্ষক সমিতির সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, বক্তব্য রাখেন এটিএন বাংলার পিরোজপুর প্রতিনিধি মো.শফিকুল ইসলাম মিলন প্রমুখ। খুলনায় অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে ছাই খুলনা অফিস খুলনায় অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার গভীর রাতে নগরীর লবণচরা বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার ঘরসহ ৮টি ভাড়াটে ঘর ও পার্শ্ববর্তী তৈয়েবুর রহমানের নিজ ঘরসহ ৬টি ভাড়াটে ঘর আগুনে পুড়ে যায়। এর অধিকাংশ ঘরই গোলপাতা ও টিনসেটের। সুন্দরগঞ্জে দুর্যোগ সহনশীল বিষয়ক সভা সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলা প্রশাসন ও এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ি শীর্ষক প্রকল্পের পরিচিতি সভা। গতকাল সোমবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন-চেয়ারম্যান জহুরুল হক সরদার, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রতিনিধি আবু রায়হান, এসকেএস প্রতিনিধি আশরাফ আলী, সাংবাদিক শাহ মোঃ রেদওয়ানুর রহমান প্রমুখ। রূপগঞ্জ থানা ছাত্রদলের আলোচনা সভা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল সোমবার ভুলতা এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান কামাল। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার সাদাত সায়েম, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা আলমগীর হোসেন টিটো, রুহুল আমিন, ইয়ানুছ, আব্দুল মতিন, মোতাহার হোসেন, শাহীন, মামুন, আলতাফ, মনির, জাকির প্রমুখ।