রাজাকারদের এখনো আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন খালেদা :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জিয়াউর রহমানের মৃত্যুর পরে রাজাকারদের লালন-পালন করেন খালেদা জিয়া। তিনি এখনো রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। এইদিনে কর্নেল তাহেরের কাছ থেকে আমরা এ শিক্ষাই নেবো বাংলার মাটি থেকে হত্যা-খুনের রাজনীতি বন্ধ করতে হবে। তাহের হত্যার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হওয়া দরকার। গত রবিবার শ্যামগঞ্জের কাজলায় কর্নেল তাহেরের মাজারে পুস্পস্তর্বক অর্পণ শেষে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শাহ জিকরুল আহম্মেদ এমপি, কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান খান মুক্তদির, জেলা জাসদ সভাপতি নির্মল দাসসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। পরে অন্য এক অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোন কথা বলে না। কিন্তু বর্তমান মহাজোট সরকার সকল প্রকার সামপ্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমাজে বিভিন্ন অবদানের জন্য নেত্রকোনা জেলার ৫ গুণীজনকে প্রেসক্লাব সম্মাননা অনুষ্ঠানে বক্ততা করেন মন্ত্রী।