বিদায় ওয়ার্নি!

অস্ট্রেলিয়ান বোলিং কিংবদন্তী শেন ওয়ার্ন গত সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। ওয়ার্ন বিবৃতিতে জানান, আগামী মৌসুমে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলবেন না তিনি। আর এই ঘোষণার মাধ্যমেই পরিসমাপ্তি ঘটলো ক্রিকেট ইতিহাসের অন্যতম বর্ণিল এক অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন ২০০৭ সালে। এরপরেও খেলে যাচ্ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। তবে ওয়ার্নের মনে হচ্ছে এখন সময় এসেছে মাঠ ছেড়ে মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে মাথা ঘামানোর। ৪৩ বছর বয়সী এই লেগি বলেন, ‘মনে হয় আমার বিগ ব্যাশ বুট খুলে রাখার সময় এসে গেছে। ব্যবসা, পরিবার আর দুটি মহাদেশে ধারাভাষ্যের কাজ চালিয়ে যাওয়া মোটেই সহজ নয়।’ বিদায় বেলায় মেলবোর্ন সতীর্থদের প্রতি জানিয়ে গেলেন শুভাশীষও, ‘আমি সবসময়ই খেলাটাকে ভালবেসেছি। তবে এখন সময় সেটা দেখার। ক্যামেরন (হোয়াইট) এবং অন্য ছেলেদের মঙ্গল কামনা করছি।’