স্পেনের পথে মাহফুজা, সাগর ও অনিক

খুব বড় কোনো স্বপ্ন নিয়ে নয়, অনেকটাই অংশগ্রহণের জন্য অংশ নিতে বার্সেলোনায় শুরু হওয়া ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের তিন সাঁতারু। মাহফুজা আক্তার শিলা, মাহফিজুর রহমান সাগর ও অনিক ইসলামের মূল লক্ষ্যই এখান থেকে অভিজ্ঞতা নিয়ে ফেরা। টুর্নামেন্টে মাহফুজা আক্তার শিলা ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে, অনিক ইসলাম ৫০ মিটার বাটারফ্লাই এবং মাহফিজুর রহমান সাগর ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নিবেন। অষ্টম বাংলাদেশ গেমসের এই ইভেন্টে মাহফিজুর রহমান সাগর নতুন জাতীয় রেকর্ড করে স্বর্ণ জিতেছেন ২৪.৪২ সেকেন্ড সময় নিয়ে। সাংহাইয়ে সর্বশেষ ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে ভালো করায় সরাসরি অলিম্পিকে খেলার টিকিট পেয়েছিলেন তিনি। বাংলাদেশ গেমসে মাহফুজা আক্তার শিলা ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জেতেন ৩৬.০৪ সেকেন্ড সময় নিয়ে। তার সেরা টাইমিং ছিল ঢাকা এসএ গেমসে (৩৪.৪৩ সেকেন্ড)। শ্রীলংকার নাতাশা করুনারত্নের কাছে মাইক্রোসেকেন্ডের ব্যবধানে হেরে রুপা জিতেছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর এই সাঁতারু। এই তিন সাঁতারুর সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন না কেউ। দুই মাস ধরে এই তিন সাঁতারুকে অনুশীলন করাচ্ছেন আবদুল হামিদ। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাগর, অনিক আর শিলাদের কোচ হিসেবে তার নাম নেই। সাঁতারু ছাড়া আগেই বার্সেলোনা চলে গেছেন দু’কর্মকর্তা। সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক এমবি সাইফ ও সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন। ফিনা কংগ্রেসে যোগ দিতে তারা দু’জন ১৯ জুলাই ঢাকা ছেড়েছেন।