যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল

রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা করতে পারলেন না আসামিপক্ষের আইনজীবী

নির্ধারিত সময়ে আসামি পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত হতে না পারায় রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা করার সুযোগ দেয়নি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই আদেশ দেন। আদেশে আগামী ২৮ জুলাই পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রেখেছে ট্রাইব্যুনাল। প্রসঙ্গত গতকাল সকালে ট্রাইব্যুনাল-১ এ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী আবদুল মালেককে জেরার জন্য দিন ধার্য ছিল। ট্রাইব্যুনালের বিচারপতিগণ নির্ধারিত সময়ে এজলাসে আসন গ্রহণ করলেও অনুপস্থিত ছিলেন আসামির আইনজীবী। এর আগে আসামি মোবারককে কাঠগড়ায় হাজির করা হয়। আসামির আইনজীবী আহসানুল হক হেনার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করার পরেও তাকে দেখতে না পেয়ে আসামির পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালকে জানান, যানজটের কারণে আইনজীবী মত্স্য ভবনের কাছে আটকা পড়েছেন। এভাবে কেটে যায় প্রায় আধা ঘন্টা। এরপর ট্রাইব্যুনাল বলেন, কোর্টের কিছু রীতি-নীতি (ডেকোরাম) রয়েছে। মামলা পরিচালনার জন্য সময়মতো কোর্টে হাজির থাকতে হয়। ইতিমধ্যে ২৫ মিনিট পেরিয়ে গেছে। কিন্তু আইনজীবীর দেখা নেই। এভাবে কি চলতে পারে? এরপরই ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশের শেষ পর্যায়ে আহসানুল হক হেনা আদালত কক্ষে প্রবেশ করে বলেন, অনেক কষ্ট করে এসেছি। মধ্যাহ্ন বিরতির পর জেরা করার সুযোগ দেয়ার জন্য আবেদন করছি। এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, অতীতে অনেক সুযোগ দেয়া হয়েছে, আর নয়। এরপরই বিচারকরা এজলাস ত্যাগ করেন।