কুমিল্লা-১০ আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে রুল

কুমিল্লা-১০ আসনের সীমানা পুন:নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এদিকে হাইকোর্টের আদেশের পরই বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে যথাসময়ে আদালতের রুলের জবাব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ওই আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া সীমানা নির্ধারণ করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিট আবেদনকারী শুধু লাঙ্গলকোট উপজেলা নিয়ে এ আসন করার দাবি জানিয়েছেন। রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও ইসির পক্ষে ড. শাহদীন মালিক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় শুনানি করেন।