ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে মামাতো ভাই মারুফ হত্যার ঘটনার মামলায় ফুপাতো ভাই রাকিবুল ইসলাম রাকিবকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার ময়মনসিংহের দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. হেলালউদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল মুক্তাগাছা উপজেলার পাইক শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। একই মামলায় অপর দুই আসামি রাকিবুলের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই রেজাউল করিমকে খালাস দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান মারুফকে গলাকেটে হত্যা করে লাশ গুম করা হয়। পরে ঐদিনই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফিসারিতে প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় মারুফের গলাকাটা লাশ পাওয়া যায়। ঘটনার পরদিন নিহতের মা মাজেদা খাতুন তিনজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি মো. ওয়াজেদুল ইসলাম, আসামিপক্ষে ছিলেন বেগম সুলতানা হোসেন জাহান।