নান্দাইলের রাজগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি খুন

জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. আজিজুর রহমান কামাল (৪৫) খুন হয়েছেন। উপজেলার উলুহাটি-কালিগঞ্জ বাজার সড়কের বনাটি এলাকায় গত রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়। নান্দাইল মডেল থানার পুলিশ রবিবার গভীর রাতে কামালের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, আজিজুর রহমান কামাল নান্দাইলের উলুহাটি বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ইফতার করে স্থানীয় মসজিদে নামাজ শেষে মোটরসাইকেলে করে পাশের কালিগঞ্জ বাজারে যান। সেখান থেকে নিজ বাড়ি উলুহাটি গ্রামে ফেরার পথে বনাটি এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করে লাশ সড়কের পাশে ফেলে যায়। আজিজুর রহমানের মোটরসাইকেলটি পাওয়া যায়নি। তবে তার পাঞ্জাবির পকেটে তিন হাজার টাকা ও মোবাইল ফোন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল নান্দাইল ভাটা মালিক সমিতির ব্যানারে নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নিহত কামাল দেশ নামে একটি ইটভাটার মালিক। তিনি নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপির একাংশের নেতা। নিহতের ছোট ভাই জামাল উদ্দিন জানান, রাজনীতি সংশ্লিষ্ট কারণে তার ভাইকে খুন করা হতে পারে।