ভি ন দে শে উ চ্চ শি ক্ষা .........................................
রাশিয়ায় পড়তে চাইলে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ১৮:৪৪
রাশিয়া। শিক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান, চিকিত্সা, সভ্যতা ও সংস্কৃতির বিশাল ভান্ডার। বর্তমানে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী উচ্চশিক্ষার্থে রাশিয়াতে যাচ্ছে। ছাত্রছাত্রীরা অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সে অংশ নিচ্ছে। রাশিয়ায় শিক্ষা ব্যয় কম এবং কোন প্রকার ব্যাংক স্টেটমেন্ট লাগে না। ফলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে রাশিয়ায়।
পড়ার বিষয়: অ্যাকাউন্টিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আর্টস, বায়োলজি, সেন্টার ফর দ্য সোসিওলজি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কালচারাল অ্যানথ্রোপলজি, ইকোলজি, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মিজারিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, ইনস্টিটিউট অব অরিয়েন্টাল স্টাডিজ, মিউজিক আর্ট, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি।
আবেদনের নিয়ম: যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সেখানকার ঠিকানায় সরাসরি আবেদন করা যায়। অনেক বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র অনলাইনেও পাওয়া যায়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে শিক্ষাগত সব ডকুমেন্টসহ মার্কশিট, আবেদনপত্রের ফি পরিশোধের রসিদ, পাসপোর্টের ফটোকপি, স্পন্সরের কাছ থেকে পাওয়া আর্থিক দায়-দায়িত্বের চিঠি ও পাসপোর্ট সাইজের ছবি।
ক্রেডিট ট্রান্সফার: রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্ডার গ্রাজুয়েট কিংবা পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রির ক্ষেত্রে ক্রেডিট ট্রান্সফারের আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে কোর্সের ৫০ শতাংশের বেশি সম্পন্ন হলে অগ্রহণযোগ্য হবে। রাশিয়ার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ গ্রেড পর্যন্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী কাগজপত্র প্রদান করতে হবে। সে ক্ষেত্রে এ পর্যন্ত সম্পন্ন হওয়া সব কোর্সের প্রমাণপত্র দিতে হবে।
পড়াশোনা ও অন্যান্য খরচ: রাশিয়ার পড়াশোনার খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এখানে বিষয় ভেদে পড়াশোনার খরচ আলাদা। যেমন-বিজ্ঞান বিভাগের (ব্যাচেলর) টিউশন ফি ২৫০০-৭৫০০ ডলার, কলা বিভাগের (ব্যাচেলর) ২৮০০-৮০০০ ডলার এবং বাণিজ্য বিভাগের (ব্যাচেলর) ৪০০০-৬২০০ ডলার পর্যন্ত নির্ভর করে। তবে মস্কোর বাইরে টিউশন ফি আরও কম। টিউশন ফি প্রতি শিক্ষাবর্ষের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা করে দিতে হবে। বিদেশি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুসজ্জিত হোস্টেল, যা প্রতিবছর ৪৫০-২৫০০ ডলার পর্যন্ত নির্ভর করে।
বৃত্তি ও ভিসা: রুশ সরকার প্রতিবছর বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য কিছু বৃত্তি দিয়ে থাকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। যার বিজ্ঞাপন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট ও সংবাদপত্রে মার্চ মাসে দেয়া হয়। ৮০ শতাংশ নম্বর পেলে তবেই বৃত্তির জন্য আবেদন করা যাবে। ভিসা পেতে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র প্রথমে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।
রাশিয়ার কিছু শিক্ষা প্রতিষ্ঠান: রুশী গণমৈত্রী বিশ্ববিদ্যালয়- www.rudn.ru। হায়ার স্কুল অফ ইকোনমিক্স- www.hse.ru। মস্কো ফিজিক্স-টেকনোলজিক্যাল ইনস্টিটিউট- www.phystech.edu। আন্তর্জাতিক সম্পর্কের রাষ্ট্রীয় ইনস্টিটিউট- www.mgimo.ru