তোমাদের জন্য লেখা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ১৯:২৭
বানরছানা ও কৃষক একখানি গল্পগ্রন্থ। এটি লিখেছেন সুপরিচিত লেখক ফয়সাল শাহ। শিশুদের জন্য তিনি দীর্ঘদিন লেখালেখি করছেন। ইতোমধ্যে তার বেশক’টি ছোটদের বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো: বাঘ-বানর ও নীলপরীর গল্প, বাঘের বন্ধু বানর, আমাদের সুন্দরবন, সুন্দরবনের বাঘ রাজা ও মায়ের আদর সবুজ চাদর।
আলোচ্য বইটিতে রয়েছে মোট ৮টি গল্প। গল্পগুলো হলো: বন্টি স্বর্গে ভালো আছে, অরণী নীল পরীর বান্ধবী, চয়ন ও তেলাপোকা, রুবেলের ময়না পাখি, বানরছানা ও কৃষক, বানরভূত, এক যে ছিল বনবিড়াল, ও রকি নামের কুকুরছানাটি। গল্পগুলো বিচিত্র স্বাদের। শিশুমন পড়তে পড়তে কখনো চলে যায় স্বর্গে, কখনোবা নীলপরীর সাথে, কথনো বা আবার বানরছানা ও কৃষকের সাথে গ্রাম ছেড়ে আমাদের প্রিয় রাজধানী শহর ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে। বানরছানা ও কৃষক গল্পে কৃষকের ছোট্ট মেয়ে কাকলীর বুদ্ধির পরিচয় মেলে। যে বানর তার বাবার জমিতে ক্ষতি করতো, এখন সে বানর তাদের বন্ধু, আয়-উপার্জনের মাধ্যমে। বানরের খেলা দেখিয়ে যে পয়সা আয় হয় তা দিয়ে কাকলীর স্কুলে ভর্তি ও লেখাপড়ার খরচ পর্যন্ত চলে। সকলকে বন্ধু ভাবার শিক্ষাও রয়েছে বানরছানা ও কৃষক গল্পটিতে।
আলোচ্য বইটির প্রচ্ছদ ও বাঁধাই আকর্ষণীয়। বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত বইটির মূল্য মাত্র সত্তর টাকা। বইটি উত্সর্গ করা হয়েছে লেখক ফয়সাল শাহ’র একমাত্র কন্যা তাশরিফা শাহরিন স্নেহাকে। শিশু স্নেহা সম্প্রতি লোকান্তরিত হয়েছে। বইটি শিশুদের ভালো লাগবে।
খান চমন-ই-এলাহি