মজুরি তদারকিতে শিল্পাঞ্চলগুলোতে ২৯ কমিটি

ইত্তেফাক রিপোর্ট

কারখানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মজুরি তদারকিতে ২৯টি কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। এসব কমিটি আগামী ঈদের আগে গার্মেন্টস কারখানায় শ্রম অসন্তোষ নিরসনে ভুমিকা রাখার পাশাপাশি ঈদের আগে শ্রমিকদের বেতন- বোনাস পরিশোধ সংক্রান্ত সমস্যা সমাধানে ভুমিকা রাখবে। গতকাল সোমবার শ্রম সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে আলোচনা করা হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির ওই সভায় বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক ছাড়াও শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ছাড়াও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকসহ সকল খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান শ্রম প্রতিমন্ত্রী।