ঈদে হুমায়ূন স্মরণে শাওন
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:০৩
বরেণ্য কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার স্মরণে স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন নির্মাণ করেছে একেবারেই ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান। শামীম শাহেদের পরিকল্পনা ও তারেক আখন্দের প্রযোজনায় অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘হুমায়ূন আহমেদের হাতে কয়েকটি নীল পদ্ম’। হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন এমন দর্শকপ্রিয় অভিনয় শিল্পীরা হুমায়ূন আহমেদ সম্পর্কে বিশেষ স্মৃতিচারণ করেছেন এই অনুষ্ঠানে। আবেগঘন স্মৃতিচারণা নিয়ে সবার মুখোমুখি হয়েছিলেন এই অনুষ্ঠানেরই উপস্থাপিকা হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন। তিনি বলেন, ‘এ রকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বাংলাভিশনকে ধন্যবাদ। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক অজানা তথ্য জানতে পারবেন। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
তিনটি পর্বে অনুষ্ঠানটি প্রচারিত হবে। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন আলী যাকের, তারিক আনাম খান ও আসাদুজ্জামান নূর। দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, তানিয়া ও এসআই টুটুল। তৃতীয় পর্বে দেখা যাবে সারা যাকের ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। ৩টি পর্বই রাত ৯টা ৪০ মিনিটে যথাক্রমে প্রচার হবে।