এবারের ঈদেও ভারতীয় শিল্পীদের নিয়ে দেশ টিভি
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:০৪
প্রতিবারের মতো এবারের ঈদেও দেশ টিভি একাধিক ভারতীয় শিল্পী বাংলাদেশে আনছেন ঈদ অনুষ্ঠানের জন্য। দেশীয় শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীরাও পারফর্ম করবে ওই অনুষ্ঠানে। দেশ টিভির ‘কল-এর গান’ শিরোনামের এই অনুষ্ঠানে একেকদিন অংশ নিবেন একেক তারকা। মোট ৭ দিনের ঈদ আয়োজনের ৪ দিন থাকছেন দেশীয় তারকা এবং ৩ দিন থাকছেন বিদেশি তারকা। বিদেশিদের মধ্যে এবার আসছেন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা সেন ও অনুপম রায়।
কলের গান অনুষ্ঠানটি ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে। এই ৭ দিনের মধ্যে প্রথম দিনের সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অনুপম রায়। দ্বিতীয় দিন থাকবেন এ দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চু ও তার দল এলআরবি। তৃতীয় দিন আঁখি আলমগীর, চতুর্থ দিন কলকতার লোপামুদ্রা মিত্র এবং পঞ্চম দিন অংশগ্রহণ করবেন কলকাতার শ্রীকান্ত আচার্য। ষষ্ঠ ও সপ্তম দিন থাকবেন যথাক্রমে দেশীয় তারকা সোলস ও সুবীর নন্দী।
উল্লেখ্য, এতদিন ঈদ আয়োজনে বিদেশি শিল্পীদের বেশি সম্মানী দিয়ে আনলেও এবার এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়েছে একাধিক চ্যানেল। শুধু যুক্তই নয়, কোনো কোনো চ্যানেল আবার কলকাতায় গিয়ে সেখানকার স্টুডিওতে অনুষ্ঠান ধারণ করেও এনেছেন। অন্যদিকে এই ঈদ আয়োজনে দেশের শ্রোতা-দর্শকরা বঞ্চিত হচ্ছেন দেশীয় প্রিয় তারকাদের পারফর্মেন্স থেকে।