মোরেলগঞ্জের শ্রী শ্রী গোপাল চাঁদ হাইস্কুল ভবন ঝুঁকিপূর্ণ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের সুন্দরবন ও মংলা সীমান্তবর্তী শ্রী শ্রী গোপাল চাঁদ হাইস্কুলটি সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত্ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ভবন ধসে যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। সরেজমিনে জানা গেছে, ১৯৭৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ফলাফলও সন্তোষজনক। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী প্রায় সাড়ে ৩শ’। জরাজীর্ণ ভবন ও আসবাবপত্র সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থান সংকুলন না হওয়ায় ছাত্র-ছাত্রীদের ঝুঁকি নিয়ে প্রশাসনিক ভবনে ক্লাস করতে হচ্ছে। ১৯৯৯ সালে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি প্রশাসনিক ভবন ধসে পড়ে বড় কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ক্লাস চলাকালীনও ছাত্র-ছাত্রীদের মাথায় পলেস্তারা পড়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। গেল সিডরে বিদ্যালয়ের জরাজীর্ণ দুটি কক্ষের প্রশাসনিক ভবন ছাড়া সবকিছু বিধ্বস্ত হলে সংস্কারের জন্য সরকারি বরাদ্দ মেলে মাত্র ৫০ হাজার টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায় বলেন, বিদ্যালয়টি সংস্কার ও পুনঃনির্মাণের জন্য ফ্যাসিলিটি ডিপার্টমেন্টে অবেদন করা হয়েছে। কিন্তু কোন কাজ আজও হয়নি।